অনিতা চট্টোপাধ্যায় কলকাতার মেয়ে। প্রেসিডেন্সি কলেন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েছেন। আই এ এস এর সদস্য ছিলেন সাড়ে তিন দশকের বেশি। কাজে ও না কাজে ঘুরেছেন পূর্ব ও মধ্য ভারত। সাহিত্যের সব ধারাতেই আনাগোনা। 'অতল স্পর্শ', 'মহুলডিহার দিন', 'আয়নায় মানুষ নাই', 'পঞ্চাশটি গল্প', 'কবিতা সমগ্র', 'মহানদী' , 'মহাকান্তার', 'কাস্তে', 'লবণাক্ত', 'দেশের ভিতর দেশ' ইত্যাদি চল্লিশটিরও বেশি বইয়ের লেখক। অশ্রুত কন্ঠস্বরের পাঠোদ্ধার করতে চান। অগ্নিহোত্রী পদবি ব্যবহার করছেন ১৯৮২ থেকে। মহারাষ্ট্র সন্তান ডঃ সতীশ বলরাম অগ্নিহোত্রীর সঙ্গে বিবাহের পর।
নানা পুরস্কার। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সোমেন চন্দ পুরস্কার ফিরিয়েছেন নন্দীগ্রামে নিরস্ত্র মানুষের হত্যার প্রতিবাদে। বঙ্গীয় সাহিত্য পরিষৎ সম্মাননা, গজেন্দ্র স্মৃতি পুরস্কার, শরৎ পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক, প্রতিভা বসু সাহিত্য পুরস্কার এবং ইংরেজিতে অনূদিত গল্প সংকলন 'Seventeen'-এর জন্য 'Crossword Economist Award'ইত্যাদিতে সম্মানিত। সুইডিশ, জার্মান, ইংরেজি, তামিল, হিন্দিতে অনূদিত।
