মহাশ্বেতা রায় শৈশব কৈশোর কাটিয়েছেন বাংলা-ঝাড়খন্ড সীমান্তের শিল্পনগরী হিন্দুস্থান কেবল্স্ -এ। কলেজবেলা থেকে কলকাতার বাসিন্দা হলেও ভেতরে গুছিয়ে রাখা আছে একটুকরো সাজানো রুখু মফস্বল।
ইংরেজি সাহিত্য এবং চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনার পরে মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন টেকনোলজি থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে অল্প কিছুদিন পড়িয়েছেন; পরে রাজ্য সরকারের অধীনস্থ এক সংস্থায়, IICP এবং NIHH(AYJNISHD)-এর সহযোগিতায়, বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের জন্য একাধিক মাল্টিমিডিয়া নির্ভর অ্যাক্টিভিটি কন্টেন্ট নির্মাণের কাজ করেছেন। পেশায় ওয়েব ডিজাইনার এবং অনুবাদক।
নতুন প্রযুক্তি নিয়ে বিবিধ অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের হাতেকলমে প্রয়োগ করে ২০০৮ সাল থেকে প্রকাশ এবং সম্পাদনা করেন 'ইচ্ছামতী' ( ichchhamoti.in)প্রথম সম্পূর্ণ ইউনিকোড বাংলায় ছোটোদের জন্য অবাণিজ্যিক ওয়েব পত্রিকা। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের অর্থানুকূল্যে আয়োজিত 'বাংলা ভাষা ও সাহিত্য : প্রযুক্তিগত সম্ভাবনা' শীর্ষক জাতীয় সেমিনারে 'ছোটদের জন্য বাংলা অনলাইন কন্টেন্ট' বিষয়ে প্রবন্ধ পাঠ করেন। কিশোরীদের জন্য পুরস্কারপ্রাপ্ত কমিক বুক 'মেন্স্ট্রুপিডিয়া'-র বাংলা সংস্করণের সম্পাদনা করেছেন। মহাশ্বেতা Bangal<>English language pair-এ অনুবাদ, নিবন্ধ/প্রবন্ধ লেখা, বই, ফিল্ম এবং মিডিয়া আলোচনায় উৎসাহী।
