তৃষ্ণা বসাক এই সময়ের বাংলা সাহিত্যের একজন একনিষ্ঠ কবি ও কথাকার। গল্প, উপন্যাস, কবিতা, কল্পবিজ্ঞান, মৈথিলী অনুবাদকর্মে তিনি প্রতিমুহুর্তে পাঠকের সামনে খুলে দিচ্ছেন অনাস্বাদিত জগৎ। শৈশবে নাটক দিয়ে লেখালেখির শুরু, প্রথম প্রকাশিত কবিতা ‘সামগন্ধ রক্তের ভিতরে’, দেশ, ১৯৯২। প্রথম প্রকাশিত গল্প ‘আবার অমল’ রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকা, ১৯৯৫। তাঁর অনেক গল্প ও কবিতা ইংরেজি, হিন্দি, মালয়ালম, মৈথিলী ও ওড়িয়ায় অনূদিত হয়েছে।
কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ এবং সম্পাদনা মিলিয়ে গ্রন্থের সংখ্যা ৪২। বিশেষ উল্লেখযোগ্য- যে কোথাও ফেরে না, পুরুলিয়া সিরিজের কবিতা, লাইব্রেরি শার্ট খোলো, উকুন, কোটি যোগিনীর গলি, আত্মারামের নতুন খাঁচা, চরের মানুষ, চন্দাবতী, টিপগল্প, ভারতীয় কবিতায় নারীর স্বর, প্রমীলা কলমে কল্পবিজ্ঞান ইত্যাদি।
প্রাপ্ত পুরস্কারের মধ্যে রয়েছে- পূর্ণেন্দু ভৌমিক স্মৃতি পুরস্কার ২০১২, সম্বিত সাহিত্য পুরস্কার ২০১৩, কবি অমিতেশ মাইতি স্মৃতি সাহিত্য সম্মান ২০১৩, ইলা চন্দ স্মৃতি পুরস্কার (বঙ্গীয় সাহিত্য পরিষৎ) ২০১৩, ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার ২০১৫, সোমেন চন্দ স্মারক সম্মান (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি) ২০১৮, সাহিত্য কৃতি সম্মান (কারিগর) ২০১৯, কবি মৃত্যুঞ্জয় সেন স্মৃতি সম্মান ২০২০, নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য পুরস্কার ২০২০, ইতি পুরকাইত সাহিত্য সম্মান ২০২২ ও অন্যান্য আরো পুরস্কার।
